প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৭:৪০ পিএম

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, চীন থেকে প্রশিক্ষক এনে দেশের ২৭ হাজার পল্লী চিকিৎসককে প্রশিক্ষণ দিয়েছিলেন শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গ্রাম-গঞ্জে প্রান্তিক পর্যায়ে জনগণের চিকিৎসা সেবা নিশ্চিতে এ পল্লী চিকিৎসক গঠন করেছিলেন তিনি।
দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, মঙ্গলবার (১৩ মে) দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে ৩১ দফা প্রস্তাব করেন। সেই ৩১ দফায় পল্লী চিকিৎসকের কথাও বলা হয়েছে। তিনি গড়ে তুলেছিলেন দুর্ভিক্ষ-কবলিত বাংলাদেশ থেকে আত্মনির্ভরশীল বাংলাদেশ। প্রতিষ্ঠা করেছিলেন বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র।
দেশনেত্রী বেগম জিয়ার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, দীর্ঘ ৯ বছর সংগ্রাম করে সংসদীয় গণতন্ত্র তৈরি করেছেন আমাদের এই নেত্রী। সেই সংসদীয় গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। কেড়ে নিয়েছে জনগণের ভোটের অধিকার। মানুষ এ মুহূর্তে তাদের ভোটের অধিকার চায়। ভোট দিয়ে তাদের পছন্দমতো সরকার গঠন করতে চায়।
এ দেশের আদর্শের জন্য, জনগণের উন্নয়নের জন্য শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও পরবর্তীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কাজ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম মারুফ হোসাইন, সদস্য সচিব মো. রহমত আলী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ উপস্থিত ছিলেন আরো অনেকেই।
স্বদেশ প্রতিদিন/আইজেপি