প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১:৩১ পিএম আপডেট: ১৩.০৫.২০২৫ ১:৩৬ PM

কাতারের রাজপরিবারের কাছ থেকে ৪০০ মিলিয়ন ডলারের একটি বিলাসবহুল জাম্বো বিমান উপহার হিসেবে নেওয়ার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টদের উপহার নেওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম রয়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, দেশটির সরকারি কর্মকর্তারা কোনো রাজা, যুবরাজ বা বিদেশি রাষ্ট্র থেকে উপহার গ্রহণ করতে পারবেন না। প্রস্তাবটিকে ঘিরে নৈতিকতা এবং জাতীয় নিরাপত্তা নিয়ে সমালোচনা চলছে নেটিজেনদের মাঝে, তবে ট্রাম্প এটিকে ইতিবাচক বলে অভিহিত করেছেন।
গত সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আমি মনে করি এটি কাতারের পক্ষ থেকে চমৎকার একটি উদারতা। আমি এর জন্য খুবই কৃতজ্ঞ।” আমি কখনোই এই ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করব না। আমি কি এতটাই বোকা যে বলব, ‘না, আমরা এত দামি একটি বিমান চাই না’? আমার মতে, এটা দারুণ এক প্রস্তাব”।
কাতারের সরকারের বিবৃতিতে জানা যায়, বিমানটি অস্থায়ী ব্যবহারের জন্য সরবরাহ করার বিষয়টি এখনো বিবেচনাধীন।
কাতারের মিডিয়া অ্যাটাশে আলি আল-আনসারি এক বিবৃতিতে জানান, ‘কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের মধ্যে একটি বিমান অস্থায়ীভাবে এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহারের জন্য হস্তান্তরের বিষয়টি বিবেচনাধীন রয়েছে। তবে বিষয়টি এখনো উভয় দেশের আইন বিভাগ দ্বারা পর্যালোচনা করা হচ্ছে এবং এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
ডেমোক্রেটিক পার্টির একাধিক আইনপ্রণেতা এ পরিকল্পনার কড়া সমালোচনা করে বলেছেন, এ পদক্ষেপ প্রমাণ করে যে ট্রাম্প হোয়াইট হাউসকে ব্যক্তিগত আর্থিক লাভের জন্য ব্যবহার করছেন। তারা আরও বলেছে, শ্রমজীবী পরিবারগুলো যখন উচ্চমূল্যের চাপে অতিষ্ঠ, তখন ট্রাম্প নিজের ও তাঁর ধনী পৃষ্ঠপোষকদের সম্পদ বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছেন।
স্বদেশ প্রতিদিন/আইএমএস