
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগ ১০ বছরে পা দিয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার (১২ মে) এক দশক পূর্তি উদযাপন করলো বিভাগটি। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
বক্তব্যে তিনি প্রিন্টিং এবং পাবলিকেশন বিষয়টিকে শিক্ষা ও গবেষণার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে উল্লেখ করে বলেন, প্রকাশনা কার্যক্রমের উন্নয়নে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রেসকে আরও কার্যকর করতে চাই। বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়সমূহের প্রেসগুলো বিভিন্ন গবেষণামূলক প্রকাশনার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাই বিশ্ববিদ্যালয় প্রেসের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার জন্য তিনি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
বিভাগীয় চেয়ারপারসন ড. শিল্পী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
বক্তব্যে প্রকাশনা শিল্পকে সমৃদ্ধ করতে প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব ও প্রায়োগিক চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।
বিভাগের এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত লেকচার সিরিজের উদ্বোধনী পর্বে ‘প্রকাশনার হালচাল’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাবির ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী। এসময় বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. সুধাংশু শেখর রায় স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিভাগের খণ্ডকালীন শিক্ষক ড. বিমল গুহকে সম্মাননা প্রদান করা হয়। বিভাগ প্রতিষ্ঠার পেছনে তার অকৃত্রিম প্রচেষ্টা ও উদ্যোগের জন্য এই সম্মাননা পান তিনি।
বিভাগের শিক্ষক শেখ জিনাত শারমিনের সঞ্চালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক মো. মাহফুজুর রহমান, মোহসিনা ইসলাম, সঞ্জীব কান্তি দাস, রেহনুমা বিনতে মালেক, খণ্ডকালীন শিক্ষক খান মাহবুব, আরিফুর রহমান এবং অন্যান্য শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
দ্বিতীয় পর্বে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উল্লেখ্য, প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগটি ২০১৫ সালের ১২ মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর অনুমোদন পায়। পরবর্তীতে ২০১৭ সালের জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে বিভাগটির একাডেমিক কার্যক্রম শুরু হয়।
স্বদেশ প্রতিদিন/এসকে