প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ১২:০৮ AM আপডেট: ১২.০৫.২০২৫ ১২:৩৫ এএম

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন রেলস্টেশন থেকে ৩৯০০ পিস ইয়াবাসহ মানবাধিকার কর্মী পরিচয় দেওয়া এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর৷
রবিবার (১১ মে) নগরের কোতোয়ালি থানা এলাকার রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ৩৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামি হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার দয়াকান্দা গ্রামের তাহের মোল্লার ছেলে আব্দুস সালাম মোল্লা (৫৪)। এ কাজের ফাঁকে তিনি ন্যাশনাল মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সংস্থা ঢাকা জেলা পদে থেকে কাজ করতেন। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো।
সূত্র থেকে জানা যায়, মানবাধিকার কর্মী পরিচয়ে বেশভূষা পাল্টে সালাম ইয়াবা কারবার করতেন। কক্সবাজার, টেকনাফ থেকে কমদামে ইয়াবা কিনে দেশের বিভিন্ন জেলায় বহন করে নিয়ে যেতেন। সেখানে এই ইয়াবা বেশী দামে বিক্রি করতেন। দীর্ঘদিন তিনি এই ইয়াবা কারবারের সাথে জড়িত। জব্দকৃত এসব ইয়াবা তিনি কক্সবাজার থেকে প্রতি পিস ১২০ টাকায় ক্রয় করেছিলেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর