প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫, ১১:১৪ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫৩তম ব্যাচের ৪০ জন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে মোট দুই লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এক অনাড়ম্বর আয়োজনে এই বৃত্তি প্রদান করা হয়।
শিক্ষাজীবনের শুরুতেই আর্থিক প্রতিকূলতার মুখোমুখি হওয়া নবীন শিক্ষার্থীদের সহযোগিতা করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান আয়োজকরা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস বলেন, শিক্ষা মৌলিক অধিকার হলেও এর সুযোগসুবিধা এখনো সবার কাছে পৌঁছায়নি। এমতাবস্থায় শিবিরের এই উদ্যোগ আমাদের জন্য সহায়ক ও প্রশংসনীয়।
অনুষ্ঠানে শাখা শিবির সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, আমরা আমাদের কর্মপদ্ধতির চতুর্থ দফার আওতায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। তিনি বলেন, শিক্ষা খাতে বাজেট এখনও সন্তোষজনক নয়—মাত্র ১.৬৯ শতাংশ। এ অবস্থায় শিক্ষার্থীদের টিকে থাকার জন্য ব্যক্তিগত ও সংগঠনের উদ্যোগে সহায়তা জরুরি হয়ে দাঁড়িয়েছে। যুবসমাজই জাতির ভবিষ্যৎ, তাদের গড়ে তুলতে আন্তরিক ও বাস্তবধর্মী পদক্ষেপ দরকার।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, 'বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সততা, দক্ষতা ও নিয়মানুবর্তিতার কারনে অনেক কিছু অর্জন সম্ভব হয়েছে। সফলতার জন্য সৎ,দক্ষ, খোদাভীরু ও দেশপ্রেমিক হওয়া জরুরি। আমি চবি'র ছাত্র হিসেবে দেখেছি, ১৯৮৫ সালের চাকসু নির্বাচনে শিবির পূর্ণাঙ্গ প্যানেলে বিজয়ী হয়েছিল। তাদের প্যানেলে একজন অমুসলিম প্রার্থীও ছিল। সমাজকল্যাণমূলক কাজের অংশ হিসেবে তারা শিক্ষাবৃত্তির আয়োজন করেছে। আমি আশা করছি তাদের এ কাজ আরও বেগবান হবে এবং শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধানে অগ্রগামী হবে'
উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, 'ইসলাম প্রচারিত হয়েছে পৃথিবীর সেরা একজন রাজনীতিবিদের মাধ্যমে। হুদায়বিয়ার সন্ধি, মদিনা সনদ ইত্যাদি তাঁর রাজনৈতিক প্রজ্ঞার সাক্ষী। ইসলামে ইনক্লুসিভিটিকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। সুরা হুজরাতে বলা হয়েছে, সামাজিকতার কথা বলা হয়েছে। একজন মানুষ প্রকৃত মুসলিম হতে চাইলে সুন্দর আচরন ও গুণের অধিকারী হতে হবে। আমাদের শেষ গন্তব্য হলো মালিকের বিচার। সেখানে পার পেতে হলে কুরআন অনুসরণের বিকল্প নেই। যত বেশি ধর্মগ্রন্থ পাঠ করা যায় ততবেশি অমূল্য জ্ঞান আহরণ করা সম্ভব।
স্বদেশ প্রতিদিন/এনআর