প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ১০:০৬ পিএম আপডেট: ১০.০৫.২০২৫ ১০:২৪ PM

যশোরের বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে সুমন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি স্থানীয় নূর ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার (১০ মে) দুপুর ১২টার দিকে সুমনের সঙ্গে একই গ্রামের মফিজুর রহমান (৫৫), মশিয়ার রহমান (৪০) ও সাইদুল্লাহ (৩৪)-এর মধ্যে জমি বন্ধকের ৬০ হাজার টাকা ফেরত চাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনজন একত্রিত হয়ে সুমনকে মারধর করে গুরুতর আহত করে।
আহত অবস্থায় স্থানীয়রা সুমনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু বিকেলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা জানতে পেরেছি। তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স্বদেশ প্রতিদিন/এমএম