প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ১০:৩০ পিএম আপডেট: ১০.০৫.২০২৫ ১০:৩৩ PM

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তঘেঁষা সন্ধ্যাকুড়া রাবার বাগান এলাকা থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১,৩৮৬ বোতল মদ জব্দ করেছে পুলিশ।
আজ শনিবার (১০ মে) ভোরে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মদ উদ্ধার হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫টার দিকে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা আগেই পালিয়ে যায়, ফলে কাউকে গ্রেফতার করা যায়নি।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, ‘আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এই এলাকায় দীর্ঘদিন ধরেই ভারত থেকে মাদক চোরাচালানের প্রবণতা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালালেও পাচারকারীরা নানা কৌশলে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম