প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৮:০১ পিএম

ঢাকার উত্তরায় ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে নাগরিক উন্নয়ন ফোরাম, ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত এক মিছিল ও সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
আজ শনিবার (১০ মে) বিকাল ৫ টা ৩০ মিনিটে শহীদ মীর মুগ্ধ চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের উত্তরা অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন এবং সঞ্চালনা করেন এডভোকেট ইব্রাহিম খলিল।
সমাবেশে সেলিম উদ্দিন বলেন, ‘যে কারণে ৮৫ বছর আগে হিটলারের দল নিষিদ্ধ হয়েছিল, সেই একই কারণে আওয়ামী লীগকে বহু আগেই নিষিদ্ধ করা উচিত ছিল।’
তিনি বলেন, ‘বর্তমানে ক্ষমতায় থাকা অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার আন্দোলনের ফল হলেও জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে।’
আওয়ামী লীগকে ‘ফ্যাসীবাদী ও গণবিরোধী’ দল আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এ দলকে নিষিদ্ধ করলে কেউ প্রতিবাদ করবে না, এমনকি সম্পাদকীয়তেও এর বিপক্ষে কিছু লেখা হবে না।’
তিনি সরকারের উপদেষ্টা পরিষদকে এ বিষয়ে আজ সন্ধ্যার বৈঠকেই সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি ছাত্র আন্দোলনের দাবিগুলো অবিলম্বে মেনে নেওয়ারও আহ্বান জানান, অন্যথায় সরকারের জন্য পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে বলে হুঁশিয়ার করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি মুহিব্বুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/এমএম