প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৮:৫৬ পিএম

তীব্র দাবদাহে পুড়ছে দেশ, আর তার মাঝেই নতুন এক আবহাওয়াজনিত হুমকি—বৃষ্টিবলয় ‘ঝংকার’। বাংলাদেশের দিকে ধেয়ে আসছে এই ক্রান্তীয় বৃষ্টিবলয়, যা বজ্রপাতসহ ভারি বর্ষণ ঘটাতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অ্যান্ড ওসেনোগ্রাফিক ট্র্যাকিং (BWoT) সংস্থা।
শনিবার (১০ মে) বিডব্লিউওটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায়, ‘ঝংকার’ একটি তীব্র বজ্রবাহী আংশিক বৃষ্টিবলয়, যা দেশের উপর দিয়ে বয়ে যেতে পারে ১২ বা ১৩ মে থেকে শুরু করে ২০ মে পর্যন্ত। এই সময়কালে দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ দমকা হাওয়া, বজ্রপাত এবং ভারি বৃষ্টিপাত ঘটতে পারে।
এই বৃষ্টিবলয়ের আগেই দেশের বেশিরভাগ অঞ্চল তীব্র তাপপ্রবাহে জর্জরিত। বিশেষ করে খুলনা, রাজশাহী, বরিশাল এবং রংপুর বিভাগে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। ঢাকাসহ আরও কিছু এলাকায়ও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই করছে।
আবহাওয়াবিদদের মতে, এই তাপপ্রবাহ ১০ থেকে ১২ মে’র মধ্যে চূড়ান্ত রূপ নিতে পারে এবং কিছু এলাকায় এ সময় বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে। এরপরে ১৩ মে থেকে তাপপ্রবাহ ধীরে ধীরে কমে আসবে এবং ১৫ মে’র দিকে তা পুরোপুরি স্তিমিত হয়ে যেতে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, তাপপ্রবাহের অবসান হলেও ‘ঝংকার’-এর মতো বৃষ্টিবলয় নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে। বজ্রপাতের কারণে গ্রামাঞ্চল ও খোলা মাঠে অবস্থানরত মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে কৃষক, মাঠকর্মী এবং যাত্রীদের প্রতি সতর্কতা জারি করা হয়েছে।
বাংলাদেশের সাম্প্রতিক আবহাওয়া পরিস্থিতি ক্রমেই চরম রূপ নিচ্ছে, যেখানে দাবদাহ ও বজ্রবৃষ্টির মতো ঘটনা একে অপরকে অনুসরণ করছে। ফলে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন স্পষ্টতই অনুভূত হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এনআর