আ. লীগ নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলে ছাত্র জনতার বিক্ষোভ
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৩:১৭ পিএম আপডেট: ১০.০৫.২০২৫ ৩:২১ PM

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ করেছেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা।
আজ শনিবার (১০ মে) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, মুখ্য সংগঠক ইমতিয়াজ জাবেদ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম ও যুগ্ম সদস্য সচিব ফারদিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও দলটিকে এখনো নিষিদ্ধ করা হয়নি। তারা জানতে চান, “এখনও কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না?’
বক্তারা আরও বলেন, ‘দলটির অনেক নেতার বিরুদ্ধে মামলা থাকলেও তারা গ্রেপ্তার এড়িয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এ অবস্থা চলতে থাকলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।’
ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার এই বিক্ষোভ কর্মসূচিতে টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার তরুণ-তরুণীরা অংশ নেন।
স্বদেশ প্রতিদিন/এমএম