প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ২:১৫ পিএম আপডেট: ১০.০৫.২০২৫ ৫:১৪ PM

অধিনায়ক রোহিত শর্মার পর এবার টেস্ট থেকে অবসর নেওয়ার পথে বিরাট কোহলি। গত অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছেন কোহলি। এবার নিজের সিদ্ধান্ত জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে। তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে (বিসিসিআই)। তবে তিনি এখনো কিছু জানাননি।
আগামী জুনে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। দল ঘোষণার কয়েক দিন আগে বেশ ধাক্কা-ই খেলো বিসিসিআই। গত বুধবার (৭ মে) সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে টেস্ট থেকে অবসর নেন ওপেনার রোহিত। এই সিরিজের আগে বোধহয় আরও এক সিনিয়র ক্রিকেটারকেও টেস্ট ফরম্যাট থেকে হারাতে যাচ্ছে বিসিসিআই।
২০১১ সালে ভারতের হয়ে টেস্ট অভিষেকের পর ১২৩টি ম্যাচ খেলেছেন কোহলি। যেখানে ৪৬.৮৫ গড়ে করেছেন ৯২৩০ রান। ২১০ ইনিংসে তার শতক ৩০টি আর অর্ধশতকের সংখ্যা ৩১টি।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক বরাতে জানা যায়, গত অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে শতরান করলেও সিরিজের বাকি ম্যাচগুলোতে ব্যর্থ ছিলেন তিনি। তবে ফর্মে না থাকলেও বোর্ড চাইছে ইংল্যান্ড সফরে কোহলি থাকুক। কারণ, রোহিতের পর কোহলিকেও যদি এই সফরে না পাওয়া যায়, তাহলে দলের ব্যাটিং লাইনআপ অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়বে। সেই কারণেই বোর্ডের পক্ষ থেকে কোহলিকে অনুরোধ করা হয়েছে এখনই টেস্ট ক্রিকেট না ছাড়তে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস