প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৮:৩২ পিএম

চার আগষ্ট লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে চার শিক্ষার্থী হত্যা মামলায় জেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের ছাত্র-জনতার ওপর হামলা ও চার শিক্ষার্থী হত্যা মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, চার আগষ্টে শহরের তমিজ মার্কেট ও মাদামব্রীজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আওয়ামীলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে চার শিক্ষার্থী সাদ আলম আফনান, কাউছার হোসেন বিজয়, সাব্বির হোসেন ও ওসমান গনি নিহত হয়।
পুলিশ আরো জানায়, এসময় দুইশর বেশি গুলিবিদ্ধ সহ আহত হয় কয়েকশ। এই ঘটনায় থানায় পৃথক চারটি মামলা হয়। এই মামলায় ১৯জনকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত এই মামলায় গ্রেফতার হয়েছে ২০৭জন। বৃহস্পতিবার ভোররাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ বলেন, চার আগষ্টে চার শিক্ষার্থী হত্যা মামলায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। অন্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
স্বদেশ প্রতিদিন/আইএমএস