নোয়াখালী জেলা কারাগার থেকে দেয়াল টপকে মো. তানিম (১৯) নামের এক হাজতি পালানোর চেষ্টার ২৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সারা ফেলেছে। এই ঘটনার পর অনেকেই কারাগারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
আজ বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী জেলা কারাগারে এ ঘটনা ঘটে।
তথ্য সূত্রে, কারাগার থেকে পালানোর চেষ্টা করা হাজতি, নোয়াখালী পৌরসভার মহিলা কলেজ সংলগ্ন মনপুর এলাকার বাসীন্দা মজিব শেখের ছেলে।
জানা যায়, গতকাল মঙ্গলবার ৫৪ ধারায় তানিমকে গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আটকের ১ দিন পর দুপুর ১২ টার দিকে জেল সুপারের বাসার কর্নার দিয়ে তানিম কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে উপরে উঠে যায়। বিষয়টি তাৎক্ষণিক ভাবে কারাগার কর্তৃপক্ষ নজরে পরে। পরে দ্রুত কারা পুলিশ দেয়ালের দুই দিকে অবস্থান নিয়ে তাকে আটক করে।
কারাগার সূত্রে জানা যায়, কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে পালানোর চেষ্টা করা আসামি তানিমকে আটক করে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক বলেন, ‘কারাগারের দেয়াল টপকে হাজতি উপরে উঠে এটা সত্য। ওই হাজতি মানসিক ভাবে অসুস্থ। তবে তিনি পালাতে পারেননি। তাকে আটক করে পুনরায় কারাগারে রাখা হয়েছে।’