প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ১২:০৮ পিএম

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আপিলের শুনানি পুনরায় শুরু করার জন্য দিন ধার্য করেছেন সর্বোচ্চ আদালত।
বুধবার জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির আবেদন করার পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ১৩ মে এই শুনানির জন্য তারিখ নির্ধারণ করে।
২০১৩ সালের ১ আগস্ট নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে হাইকোর্ট।
জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার আদেশ চেয়ে ২০০৯ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব মাওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৪ জনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ রায় দেন।
গত ১২ মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। এরপর আর শুনানি হয়নি।
গত বছরের ২২ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলে যায়।
স্বদেশ প্রতিদিন/কেএইচ