প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪২ পিএম

চট্টগ্রামের হাটহাজারীতে শিশু জুলিয়া আক্তার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমীর হোসেনকে খালাস দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। ঘটনার ২১ বছর পর বুধবার (২৩ সেপ্টেম্বর) রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।
এর আগে গত ১ সেপ্টেম্বর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ আমীর হোসেনকে খালাস দেন। একই সঙ্গে তার মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পাঠানো ডেথ রেফারেন্স এবং আসামির করা আপিলের ওপর রায় ঘোষণা করা হয়।
রায়ে আদালত উল্লেখ করেন, ঘটনার মূল আসামিকে গ্রেপ্তার না করে আমীর হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। ফলে তার বিরুদ্ধে আনা অভিযোগ ও মামলার তদন্ত নিয়ে আদালতে প্রশ্ন ওঠে।
মামলার নথি অনুযায়ী, ২০০৫ সালের ১৬ মে হাটহাজারী উপজেলার মেখল গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশু জুলিয়া আক্তার। ওই বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন আমীর হোসেন। অভিযোগে বলা হয়, তিনি জুলিয়াকে অপহরণ করে বাড়ির পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মরদেহ খালে ফেলে দেওয়া হয়।
পরে খালপাড় থেকে জুলিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জুলিয়ার পরিবারের পক্ষ থেকে আমীর হোসেনকে আসামি করে মামলা করা হয়। পুলিশ তদন্ত শেষে ২০০৮ সালের ২৫ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয়।
পরের বছর ৮ সেপ্টেম্বর মামলার বিচারকাজ শুরু হয়। মামলায় মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আমীর হোসেনকে মৃত্যুদণ্ড দেন।
ওই রায়ের পর মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে। পাশাপাশি আসামিও রায়ের বিরুদ্ধে আপিল করেন। দীর্ঘ ২১ বছর পর হাইকোর্টের রায়ে আমীর হোসেন খালাস পেলেন এবং বুধবার এর পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হলো।
স্বদেশ প্রতিদিন/এস পি