প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৭:১৪ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় মো. রাব্বি (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা তার দুই বন্ধুও আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৬ মে) দুপুরে দিকে উপজেলার বল্লা ইউনিয়নের কাজিবাড়ী এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রাব্বি কালিহাতী উপজেলার রামপুরা এলাকার সরোয়ার হোসেনের ছেলে। তিনি প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন বলে জানা গেছে।
আহতরা হলেন- একই এলাকার মন্টু মিয়ার ছেলে ইফাত (২০) এবং ইমান আলীর ছেলে জাহিদ (১৫)। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানায়, দুপুরে ৩ বন্ধু একটি মোটরসাইকেলে করে কাজিবাড়ী থেকে রামপুর যাওয়ার পথে মোটরসাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে ৩ জন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাব্বির মৃত্যু হয়। অপর দুই বন্ধুর অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। অপর ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম