প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৬:৪৭ পিএম আপডেট: ০৬.০৫.২০২৫ ৮:৪৩ PM

দীর্ঘ ১৪ ঘণ্টার ভ্রমণ শেষে চিকিৎসা শেষ করে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার (৬ মে) দুপুর ১ টা ২৫ মিনিটে তিনি রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা’য় পৌঁছান।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার দুই পুত্রবধূ- ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।
বাসভবনে পৌঁছার পর খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ডা. জাহিদ হোসেন জানান, ‘দীর্ঘ যাত্রার পরও আল্লাহর রহমতে তিনি সুস্থভাবে ফিরেছেন। কিছুটা ক্লান্ত থাকলেও তিনি যারা শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী, সরকার এবং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন, তাকে নিরাপদে ফিরোজা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য।’
তিনি আরও জানান, খালেদা জিয়া কাতার সরকারের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা এয়ার অ্যাম্বুলেন্সসহ তার চিকিৎসা ও ভ্রমণের সব ব্যয়ভার বহন করেছে। এটি তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রতিফলন।
তবে এখনই রাজনৈতিক কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়ে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন সম্পূর্ণ বিশ্রামের।
ডা. জাহিদ বলেন, ‘জাতির প্রয়োজন হলে খালেদা জিয়া অবশ্যই নেতৃত্ব দেবেন। তারেক রহমানের নেতৃত্বও আরও শক্তিশালী হবে।’
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত নেতাকর্মীদের অনুরোধ জানান, বাসার সামনে কোনো স্লোগান না দিতে এবং খালেদা জিয়ার বিশ্রামের পরিবেশ রক্ষা করতে।
স্বদেশ প্রতিদিন/এমএম