প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৪:৫০ পিএম

একদিনে ৪টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ মঙ্গলবার (৬ মে) সংবাদমাধ্যম আল-জাজিরার একটি প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘সোমবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় ব্যাপক হামলা চালিয়ে অন্তত ৫৪ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এছাড়া ইসরায়েল একইদিনে ইয়েমেন, লেবানন এবং সিরিয়ায়ও বিমান হামলা চালিয়েছে।’
প্রতিবেদনে আরও কলা হয়েছে, ‘ইয়েমেনের বন্দর নগরী হোদেইদায় অন্তত ৩০টি যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে দু’জন নিহত ও ৪০ জনের বেশি আহত ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এছাড়াও লেবানন ও সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরায়েল।
এর আগে গত রবিবার গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক হামলা আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এই পরিকল্পনার মধ্যে গাজা পুরোপুরি দখল ও ভবিষ্যতে নিয়ন্ত্রণে রাখার মতো বিষয় রয়েছে বলে জানা গেছে।
বাকি জিম্মিদের ফিরিয়ে আনা ও হামাসকে পরাজিত করতে হাজার হাজার সংরক্ষিত সেনা ডেকে পাঠিয়েছে ইসরায়েল সামরিমক বাহিনী।
এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা রবিবার সন্ধ্যায় বৈঠক করে। বৈঠকে গাজায় হামলা বাড়ানো নিয়ে আলোচনা করা হয়। সেই বৈঠক থেকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা যায়।
সূত্র: আল-জাজিরা
স্বদেশ প্রতিদিন/এমএম