প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৪:৪৯ পিএম

চট্টগ্রামে মাওলানা রইস উদ্দীন হত্যার প্রতিবাদে আয়োজিত সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (৫ মে) সকাল ৯ টা থেকে নগরের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ছাত্র সেনা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে বিভিন্ন সড়ক অবরোধ করে। ফলে চট্টগ্রাম শহরের হাটহাজারী, মুরাদপুর ও কাপ্তাই রাস্তার মাথায় যান চলাচলে বিঘ্ন ঘটে।
অবরোধের এক পর্যায়ে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।
আহলে সুন্নাত ওয়াল জামাতের সিনিয়র যুগ্ম মহাসচিব মুজিবুল হক সাকু বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। কিন্তু পুলিশ আমাদের ওপর হামলা চালিয়ে অন্তত ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে। আমরা রইস উদ্দীনের হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি। আগামী ১২ দিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’
সিএমপির পাচলাইশ থানার ওসি সোলাইমান বলেন, ‘রইস হত্যার বিচারের দাবীতে শান্তিপূর্ণ অবরোধ করছিলেন তারা। এসময় পুলিশ তাদের উপর হামলা করে। এ ঘটনায় তাদের অন্তত ১৫জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। আগামী ১২দিন পর্যন্ত অবরোধ কর্মসূচী চলবে বলে জানান তিনি।’
মাওলানা রইস উদ্দীন চট্টগ্রামের একজন প্রভাবশালী সুন্নী আলেম ছিলেন। সম্প্রতি হত্যাকাণ্ডের শিকার হন তিনি। তার হত্যার বিচার দাবিতে শুরু হয়েছে এই আন্দোলন।
স্বদেশ প্রতিদিন/এমএম