প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ১০:৩৩ AM

দিনাজপুরের হাকিমপুরে (হিলিতে) মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানার সম্বলিত র্যালীতে অংশ নেওয়ায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুজন মিঞাকে দিনাজপুর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়লে রোববার উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাঁকে প্রত্যাহার করে দিনাজপুর জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন এই সত্যতা নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার মে দিবসে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হিলি স্থলবন্দরের চারমাথা থেকে জাতীয়তাবাদী শ্রমিক দল পৌর শাখার উদ্যোগে নেতা-কর্মীরা একটি র্যালী বের করেন। র্যালীটি হিলি বাসষ্ট্যান্ডের দিকে যাওয়ার সময় ওই র্যালীতে হাকিমপুর থানার ওসি মো. সুজন মিঞা পৌর শ্রমিক দল, উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে অংশ নেন। ওসি মো. সুজন মিঞার একটি রাজনৈতিক দলের ব্যানার সম্বলিত ৩০ সেকেন্ডের র্যালীর ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার ঝড় উঠে। এতে অনেকে ক্ষুব্দ হয়ে ওসিকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।
নাম প্রকাশ না করার শর্তে দিনাজপুর জেলা পুলিশের একজন কর্মকর্তা জানান, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সুজন মিঞা মে দিবসে একটি রাজনৈতিক দলের র্যালীতে অংশ নেন। তার অংশ নেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আসে। তদন্ত সাপেক্ষে তাঁকে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে দিনাজপুর জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
ওসি মো. সুজন মিঞা জানান, হাকিমপুর থানা থেকে তাকে ক্লোজড করা হয়নি। তবে দিনাজপুর অপরাধ বিভাগে বদলী করা হয়েছে। মিছিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মোবাইল ফোনে কথা বলতে বলতে তিনি এক পর্যায়ে মিছিলে প্রবেশ করেন। এটি তার ভুলবশত হয়েছে।
জানতে চাইলে হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম জানান, রোববার দুপুর ১২টায় ওসি মো. সুজন মিঞা তাঁর কাছে থানার দায়িত্ব হস্থান্তর করে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন।
স্বদেশ প্রতিদিন/কেএইচ