প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ১২:২৮ AM আপডেট: ০৫.০৫.২০২৫ ১২:৩৪ এএম

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম আয়োজিত মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে সংগঠনটি। হেফাজতে ইসলাম বাংলাদেশ জানিয়েছে, এটি একটি প্রাথমিক খসড়া তালিকা। যাচাই-বাছাই শেষে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংগঠনের জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেফায়েতুল্লাহ আজহারী।
তিনি বলেন, ‘এই তালিকা এখনো চূড়ান্ত নয়। তথ্য যাচাই ও অনুসন্ধান চলছে। পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে আরও সময় প্রয়োজন।’
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত হয় হেফাজতের মহাসমাবেশ। ব্লগারদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ও নারীনীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবিতে হাজার হাজার কওমি আলেম, ছাত্র এবং সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। রাত গভীর হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে সমাবেশকারীদের সরিয়ে দেয়। অভিযানে গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহৃত হয়।
হেফাজতের দাবি, ওই অভিযানে বহু মানুষ নিহত হন। প্রকাশিত তালিকায় নিহতদের নাম, ঠিকানা ও পরিবারের সদস্যদের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, নিহতদের অধিকাংশই ছিলেন যুবক।
তবে নিহতের সংখ্যা নিয়ে রয়েছে মতভেদ। মানবাধিকার সংস্থা ‘অধিকার’ ২০২৪ সালের ১৯ আগস্ট তাদের ফেসবুক পেজে ৬১ জন নিহতের একটি তালিকা প্রকাশ করে। তৎকালীন বিবিসি ঢাকা প্রতিনিধি মার্ক ডামেট তাঁর মাঠ পর্যায়ের অনুসন্ধানে জানান, ৫ ও ৬ মে’র ঘটনায় অন্তত ৫৮ জন নিহত হন।
নিহতদের প্রকৃত সংখ্যা নির্ধারণে এখনো কোনো স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হয়নি, যা এই ঘটনার বিচার ও ইতিহাসের স্বচ্ছতার জন্য অত্যন্ত প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা।
তালিকা দেখুন নিচে
স্বদেশ প্রতিদিন/এনআর