প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫, ৫:৫৮ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুয়েত সরকার ২০২৫ সালের সরকারি ছুটির ঘোষণা
দিয়েছে। দেশটির মন্ত্রিসভার এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ৫ জুন
(বৃহস্পতিবার) থেকে ৯ জুন (সোমবার) পর্যন্ত দেশজুড়ে ছুটি থাকবে। ফলে
অফিস-আদালত খুলবে ১০ জুন, মঙ্গলবার।
ঘোষণায় বলা হয়েছে, ৫ জুন নির্ধারিত হয়েছে আরাফার দিন হিসেবে। এরপর ৬ জুন শুরু হবে ঈদুল আজহার মূল ছুটি। ৯ জুন দেওয়া হয়েছে অতিরিক্ত ‘রেস্ট ডে’। এতে করে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন টানা পাঁচ দিনের ছুটি।
মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, ২৭ মে দেখা যেতে পারে জিলহজ মাসের চাঁদ। সেই অনুযায়ী, ২৮ মে থেকে শুরু হবে জিলহজ মাস, আর ১০ জিলহজ তথা ৬ জুন হবে ঈদুল আজহা।
ঈদুল আজহা মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এই দিনটি স্মরণ করিয়ে দেয় হজরত ইব্রাহিম (আ.)- এর মহান আত্মত্যাগের কথা, যিনি আল্লাহর আদেশে নিজের পুত্র হজরত ইসমাইল (আ.)- কে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন।
ঈদ শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং তা আত্মত্যাগ, সহমর্মিতা আর পারস্পরিক ভালোবাসার একটি উপলক্ষ। কুয়েতে বসবাসরত মুসলিম প্রবাসীরাও পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিচ্ছেন প্রস্তুতি।
সূত্র: আরব টাইমস
স্বদেশ প্রতিদিন/এমএম