প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫, ৪:০৩ পিএম

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে সবচেয়ে বেশি কাজ করেছে তার দল বিএনপি।
আজ রবিবার (০৪ মে) জাতীয় প্রেস ক্লাবে সম্পাদক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি প্রথম সংবাদপত্রের স্বাধীনতাকে ১৯৭৫ সালে খুলে দিয়েছিল। এর আগে বাকশালের মাধ্যমে দেশে গণমাধ্যমের কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল।’
তিনি বলেন, ‘আমরা ধোয়া তুলসীপাতা নই, ভুল আমাদেরও হয়েছে। তবে এটুকু বলতে পারি, সংবাদপত্রের স্বাধীনতার জন্য বিএনপি সবচেয়ে বেশি অবদান রেখেছে।’
বক্তব্যে তিনি সাংবাদিকদের ওপর দমন-পীড়নের প্রসঙ্গও তোলেন। তার ভাষায়, ‘আমাদের সময় এ ধরনের নির্যাতন অনেকটাই কম ছিল। বর্তমানে একটা পরিবর্তনের সময় চলছে, নানা ঘটনা ঘটছে।’
গণতন্ত্র নিয়ে ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক দেশ গড়তে হলে আগে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়তে হবে। সবার চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। যদি কেউ ভাবে- শুধু আমার ভাবনাই ঠিক, অন্যেরটা ভুল, তাহলে সেটা গণতন্ত্র নয়। আবার কোনো গণমাধ্যম যদি শুধু আমার কথা বললেই ঠিক, আর না বললে ঠিক না, এই মানসিকতাও চলবে না।’
স্বদেশ প্রতিদিন/এমএম