
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম) গতকাল শনিবার (৩ মে) রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় একটি সিম্পোজিয়ামের আয়োজন করে। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার মানোন্নয়ন নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন সাংবাদিক, অধিকারকর্মী, গবেষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ।
অনুষ্ঠানের প্রথমার্ধে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন, যেখানে তিনি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ পর্বটি সঞ্চালনা করেন সাংবাদিক শরীফ খিয়াম আহমেদ।
দ্বিতীয়ার্ধে ছয়জন বিশিষ্ট সাংবাদিকের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন সাংবাদিক সেলিম সামাদ, আয়শা কবীর, সাংবাদিক ও গবেষক এম আবুল কালাম আজাদ, ওমর ফারুক, মুক্তাদির রশীদ এবং জায়মা ইসলাম। তাঁদের বক্তব্যে উঠে আসে বাংলাদেশের সাংবাদিকতার ধারা, পরিবর্তন ও অভিযোজন সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেআইএম-এর আহ্বায়ক সাংবাদিক স্যাম জাহান এবং সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মুহাম্মদ আলী মাজেদ।
প্রশ্নোত্তর পর্ব শেষে শফিকুল আলম বলেন, ‘আপনারা মন খুলে লিখতে থাকুন। যত লিখবেন, সাংবাদিকতা তত শক্তিশালী হবে। সরকার ভুল থেকে শিক্ষা নেবে এবং গণতন্ত্র আরও দৃঢ় হবে।’
অন্যদিকে, স্যাম জাহান বলেন, ‘সম্ভবত অনেক বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস বাংলাদেশে এভাবে উদযাপিত হলো, এবং এর অংশ হতে পেরে আমরা গর্বিত।’
অনুষ্ঠানে বিজেআইএম সদস্য সাংবাদিক তাসনীম খলিল ও তাঁর সংবাদমাধ্যম নেত্রনিউজ-কে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রদত্ত শোরেনস্টাইন অ্যাওয়ার্ড প্রাপ্তি উদযাপন করা হয়।
মুহাম্মদ আলী মাজেদ বলেন, ‘মুক্ত গণমাধ্যম মানে শুধু বাহ্যিক চাপ থেকে মুক্ত নয়, একই সঙ্গে নিজস্ব পক্ষপাত থেকেও মুক্ত থাকা। আজকের আলোচনার মূল উদ্দেশ্য ছিল সেই দায়বদ্ধতা স্মরণ করা।’
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)-এর এশিয়া সমন্বয়ক বেহ লিহ য়ি ভিডিও বার্তায় বলেন, ‘গত বছর বাংলাদেশের কিছু ঘটনার সময় আপনাদের প্রতিবেদন বিশ্বকে সচেতন রেখেছে। আশা করি সামনে আরও স্বাধীনতা ও সুযোগ আসবে, এবং সিপিজে এই পথে আপনাদের পাশে থাকবে।’
সিম্পোজিয়ামে উপস্থিত ছিলেন বহু গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ, শিক্ষার্থী ও সাধারণ দর্শক। সক্রিয় অংশগ্রহণ ও আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম