
রাত ৩টা। আপনি ঘুম থেকে উঠলেন। ঘামে ভিজে গেছে বালিশ। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। স্বপ্নটা মনে আছে, আপনি উপর থেকে পড়ে যাচ্ছিলেন। আলো জ্বালালেন, পানি পান করলেন। ঠিক তখনই, আপনার ঘুম ভাঙল, এবার সত্যি সত্যি আপনি বিছানায় শুয়ে আছেন। কিন্তু কিছুক্ষণ আগে আপনি কোথায় ছিলেন? স্বপ্নে, না বাস্তবে?
আমরা কি কখনও সত্যিই জেগে উঠি? নাকি জেগে থাকাটা কেবল আরেকটি স্বপ্ন; যার দেয়ালে টানানো থাকে বাস্তবতার মুখোশ?
ইনসেপশন: বাস্তবতা এবং স্বপ্নের সীমানাক্রিস্টোফার নোলানের কিংবদন্তি চলচ্চিত্র ‘Inception’ যেন স্বপ্নের মানচিত্র এক নতুন ভাষায় এঁকে দেয়। যেখানে স্বপ্নের গভীরে আরেকটি স্বপ্ন, এবং সেই স্তরে তৈরি হওয়া বাস্তবতাগুলো এতটাই প্রাণবন্ত এবং বাস্তব যে, মানুষ একসময় নিজেই বুঝে উঠতে পারে না, সে জেগে আছে, না ঘুমাচ্ছে।
সেখানে একটি দৃশ্যে বলা হয়েছিল:
“Dreams feel real while we’re in them. It’s only when we wake up that we realize something was actually strange.”
এই একটি বাক্য যেন আমাদের জীবনের অসংখ্য রাতের সারাংশ। আমরা অনেকেই এমন অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছি, যেখানে মনে হয়েছে, ঘুম ভাঙল। অথচ কিছুক্ষণ পরেই আমরা বুঝেছি, আমরা এখনও ঘুমাচ্ছি, বরং আগেরটিই ছিল স্বপ্নের ভেতরের আরেকটি স্তর।
স্বপ্নের পৃথিবী যেন বাস্তবতার চেয়েও বাস্তব: গভীর ঘুমের REM (Rapid Eye Movement) পর্বে আমাদের মস্তিষ্ক সবচেয়ে সক্রিয় থাকে। এই সময়ে মস্তিষ্ক কোনো বাহ্যিক ইন্দ্রিয় ছাড়াই এমন এক বাস্তব অনুভূতি তৈরি করে, যা অনেক সময় বাস্তবের থেকেও বেশি বাস্তব মনে হয়।
গবেষণায় দেখা গেছে, স্বপ্নে আমরা সময়, স্থান, ভাষা, স্পর্শ সবকিছু অনুভব করতে পারি, অথচ আমাদের শরীর তখন স্থির থাকে। এই ছায়া বাস্তবতা আমাদের মস্তিষ্কের অভাবনীয় সৃজনশীলতার পরিচায়ক।
স্বপ্ন, দর্শন ও আত্মজিজ্ঞাসাদার্শনিক রেনে ডেকার্ট একসময় বলেছিলেন,
“আমি স্বপ্ন দেখি, তার মানে আমি অস্তিত্বশীল। কিন্তু যদি পুরো জীবনটাই স্বপ্ন হয়?”
এই প্রশ্নই তাকে পৌঁছে দেয় ইতিহাসখ্যাত দার্শনিক সত্যে,
Cogito, ergo sum-আমি চিন্তা করি, সুতরাং আমি আছি।
দর্শনের দৃষ্টিকোণ থেকে, স্বপ্ন কেবল মানসিক অবস্থা নয়, বরং এক ধরনের পরীক্ষণভূমি, যেখানে বাস্তবতা, অবচেতন, এবং সত্যের সংজ্ঞা নতুন করে ব্যাখ্যা পায়। প্লেটো তার “অ্যালিগরি অফ দ্য কেভ”-এ দেখিয়েছিলেন, আমাদের দেখা ‘বাস্তব’ও হয়তো কেবল ছায়ামাত্র। সেখানেও স্বপ্ন ও বাস্তবতার বিভাজন প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে।
স্বপ্ন আমাদের চিন্তাকে মুক্ত করে, যুক্তিকে প্ররোচিত করে এবং আত্মসন্ধানী করে তোলে। ডেকার্টের মতো অনেক দার্শনিক তাই স্বপ্নকে শুধুই এক ধরনের ঘুমের জগত না ভেবে, একে অস্তিত্বের পরীক্ষণ হিসেবে দেখেছেন।
স্বপ্নের ভেতরে স্বপ্ন; Lucid Dreamঅনেক সময় স্বপ্নের মধ্যেই জন্ম নেয় আরেকটি স্বপ্ন, যেখানে আপনি নিজেই বুঝতে পারেন যে, আপনি স্বপ্নে রয়েছেন। এই ধরনের স্বপ্নকে বলা হয় লুসিড ড্রিম।
গবেষকদের মতে, লুসিড ড্রিম কেবল একটি রহস্যময় মানসিক অবস্থা নয়, বরং এটি মানুষের সৃজনশীলতা জাগিয়ে তুলতে ও মানসিক মুক্তির অনুভব ঘটাতে পারে।
একজন শিল্পী তার স্বপ্নেই আঁকছেন ব্যতিক্রমী ছবি, একজন লেখক স্বপ্নে রচনা করছেন এক নতুন জগতের গল্প, যা পরবর্তীতে তার বাস্তব সৃষ্টিকে নতুন দিকনির্দেশনা দেয়।
স্বপ্ন ও যদি বাস্তব হয়, তাহলে বাস্তব কতটা স্বপ্নময়?স্বপ্নের ভিতরে স্বপ্ন দেখা কেবল একটি বৈজ্ঞানিক বিষয় নয়, এটি দর্শন, সাহিত্যের এবং মানব অস্তিত্বের অনুসন্ধানের এক জটিল প্রশ্ন।
যদি জীবন আসলে একটি বৃহৎ স্বপ্ন হয়, তাহলে আমাদের প্রতিদিনের কর্ম, আনন্দ, কষ্ট, ভালোবাসা, সবই কি শুধুই এক বৃহৎ ঘুমের অংশ?
প্রকৃত প্রশ্নটা তখন দাঁড়ায়:আপনি যখন বলেন, “আমি জেগে আছি,” আপনি কি নিশ্চিত?
নাকি, আমরা সবাই কোনো এক স্তরের স্বপ্নে এখনো ঘুমিয়ে আছি?
স্বদেশ প্রতিদিন/এনআর