প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ৬:০৩ পিএম আপডেট: ০৩.০৫.২০২৫ ৬:০৯ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ছয়টি আবাসিক হলে চালু হওয়ার দুই বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি ডাইনিং। এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় ৬ হাজার আবাসিক শিক্ষার্থী।
২০২২ সালের শুরুতে ২১ নম্বর ছাত্র হল ও একটি ছাত্রী হল চালু হয়। এরপর ধাপে ধাপে শহীদ তাজউদ্দীন আহমদ হল, কাজী নজরুল ইসলাম হল, রোকেয়া হল, ফজিলাতুন্নেসা হল ও বীরপ্রতীক তারামন বীবী হল চালু হলেও, কোনো হলেই এখনো নিয়মিত খাবার সরবরাহের ব্যবস্থা হয়নি।
ডাইনিং না থাকায় শিক্ষার্থীদের প্রতিদিন তিনবেলা খাবারের জন্য হলে বাইরে যেতে হচ্ছে। এতে সময় ও খরচ—দু’টিই বেড়ে যাচ্ছে। গ্যাস সংযোগ না থাকায় অনেক হলে সীমিত পরিসরে সিলিন্ডার বা কাঠ ব্যবহার করে রান্না হচ্ছে, যার ফলে একবেলার খাবারের খরচ হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা। অথচ পুরনো হলে যেখানে গ্যাস সংযোগ আছে, সেখানে একই খাবার পাওয়া যাচ্ছে মাত্র ৩০ টাকায়।
২১ নম্বর হলের শিক্ষার্থী সিয়াম ইত্তেসাম বলেন, ‘ডাইনিং না থাকায় আমাদের বাইরের খাবারের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে খরচ বাড়ছে এবং স্বাভাবিক রুটিনও ব্যাহত হচ্ছে। হলে ক্যান্টিন থাকলেও সেখানে দাম অনেক বেশি, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এসব খাওয়া কঠিন।’
এই বিষয়ে প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলাম বলেন, ‘লোকবল সংকট ও গ্যাস সংযোগ না থাকায় ডাইনিং চালু করা যাচ্ছে না। ইউজিসি নতুন করে জনবলও দিচ্ছে না। আমরা গ্যাস সংযোগের জন্য সরকারের সঙ্গে যোগাযোগ করছি এবং দ্রুত ডাইনিং চালুর জন্য চেষ্টা চলছে।’
ছাত্রছাত্রীদের অভিযোগ, শত কোটি টাকা ব্যয়ে নতুন হলগুলো নির্মাণ করা হলেও ন্যূনতম সেবা না থাকায় প্রকল্প বাস্তবায়ন ও তদারকিতে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম