প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ২:১৬ পিএম

আসামিকে হাতকড়া না পরিয়ে থানায় নেয়ার পথে পুলিশের উপর হামলা চালায় অপরাধী। জানা যায়, আসামিকে মোটরসাইকেলে করে থানায় নেওয়ার পথে এই হামলার ঘটনা ঘটে। এতে ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।
গত শুক্রবার (০১ মে) রাত সাড়ে ৮টার দিকে থানার কাছাকাছি এলাকায় প্রসাদ মিষ্টান্ন ভাণ্ডারের কাছে এ ঘটনা ঘটে।
জানা যায়, কুষ্টিয়ার মিরপুর থানায় হাতকড়া না পরিড়য়ে আসামিকে মোটরসাইকেলে করে থানায় নিয়ে যাচ্ছিলেন, আমলা ক্যাম্প পুলিশের এসআই মনিরুল ও কনস্টেবল রুস্তম আলী। হাতকড়া না থাকার সুযোগে কোমরে থাকা চাইনিজ কুড়াল দিয়ে দুই পুলিশ সদস্যকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আসামি। এসময় ২ পুলিশ সদস্য আহত হয়। পরে উপস্থিত জনতা আসামিকে আটক করে পুনরায় পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনার পর আহত কনস্টেবল রুস্তমকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘একটি মামলার সন্দেহভাজন এক আসামিকে আটক করে থানায় আনার সময় ওই আসামি পুলিশ সদস্যদের ওপর হামলা করে। এতে ১ জন কনস্টেবল আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হচ্ছে। বর্তমানে আসামি পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।’
স্বদেশ প্রতিদিন/এমএম