প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৬:৩৬ পিএম আপডেট: ০২.০৫.২০২৫ ৮:০৮ PM

গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের আড়ালিয়া গ্রামে মর্টার শেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য আ. ক. ম. মোজাম্মেল হক।
শুক্রবার (২ মে) সকাল সাড়ে এগারোটায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আ. ক. ম. মোজাম্মেল হক আর্থিক এই সহায়তার কথা বলেন।
তিনি বলেন, বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১ মে) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দগণও। তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করতে বলেছেন আমাকে। প্রকৃত অর্থেই যারা ক্ষতিগ্রস্তদের তাদের সহায়তা প্রদান করা হবে।
তিনি আরো বলেন, পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা আরো সতর্ক হলে ক্ষয়-ক্ষতির পরিমাণ আরো কমানো যেত। স্থানীয় লোকজনদেরও আরো সচেতন হওয়ার প্রয়োজন ছিল।
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপির পরবর্তী কর্মসূচি কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের সংকটকালীন মুহূর্তে সাময়িক সময়ের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। দীর্ঘদিন এই সরকার কর্তৃক দেশ পরিচালনা করা সঠিক হবে না। জনগণ কর্তৃক নির্বাচিত সরকারই পারে দেশের কাঙ্ক্ষিত উন্নয়নের পথ সুগম করতে।সরকারকে বলবো আপনারা দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফ মাষ্টার, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, বালুয়াকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জহিরুল হক খান রিটুসহ প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার (২৮ এপ্রিল) সকালে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মসজিদ সংলগ্ন হানিফের কৃষি জমিতে মাটি কেটে আইল বানাতে গিয়ে একটি মর্টার শেল উদ্ধার করা হয়। স্থানীয়রা এটিকে প্রথমে সীমানা পিলার মনে করলেও পরবর্তীতে পুলিশ জানায় এটি একটি অবিস্ফোরিত মর্টার শেল। পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৭টা ৫৬ মিনিটে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। শেল নিষ্ক্রিয় করার সময় ঘটা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় গ্রামটির শতাধিক ঘরবাড়ি।
স্বদেশ প্রতিদিন/আইজেপি