
'২০১৯ সালে দেশ যখন কভিডে (করোনাকালে) বিপর্যস্ত তখন কিন্তু দেশের আরএমজি খাত শক্ত হাতে হাল ধরেছে, চ্যালেঞ্জ মোকাবেলা করেছে এবং সেক্ষেত্রে সফলও হয়েছে। বর্তমানেও অনেক তৈরি পোশাক খাতে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম হলো কম খরচে উৎপাদন করে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা। আমরা ডেনিমের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে এবং ইউরোপীয় ইউনিয়নে প্রথম কিন্তু ভেলুএডিশনের ক্ষেত্রে আমাদের আরো নজর দিতে হবে। রপ্তানীতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হলেও ভ্যালুঅ্যাডিশন ওই মানের হয়নি। তাই সবাইকে ভ্যালুঅ্যডিশন নিয়ে আরো চিন্তা করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই সঙ্গে প্রতিযোগিতামূলক বাজারে সাশ্রয়ী মূল্যে পণ্য উৎপাদন করে বায়ারদের হাতে তুলে দেওয়াটাও অন্যতম চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে তা আমাদের মোকাবেলা করতে হবে।'
বৃহস্পতিবার সাভারের বিরুলিয়ায় কৃষিবিদ সিটির কে জি ইকো রিসোর্ট ও পিকনিক স্পটে আয়োজিত বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশন (বিজিডব্লিউটিএফ) এর ১৪তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং বিজিএমইএ-এর প্রাক্তন সভাপতি ফারুক হাসান। এসময় তিনি রপ্তানির বাজার বাড়াতে এবং এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতেও দিক নির্দেশনা দেন।
দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পোশাক খাতের স্বনামধ্যন্য বিশিষ্ট ব্যবসায়ীরা ও বিজিডব্লিউটিএফ -এর সদস্যরা, যারা তৈরি পোশাক খাতের ওয়াশিং সেক্টরে কর্মরত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিডব্লিউটিএফ এর সভাপতি মোঃ আব্দুস সামাদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিজিডব্লিউটিএফএর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহাসিনুজ্জামান শিশির ।
প্রধান অতিথি ফারুক হাসান আরো বলেন, 'গ্যাস ও বিদ্যুৎ সমস্যাসহ বিভিন্ন কারণে ইতিমধ্যেই অনেক তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। আগামী দিনেও অনেক চ্যালেঞ্জ রয়েছে। তাই, একসঙ্গে কাজ করে চ্যালেঞ্জগুলোকে সুযোগে রূপান্তরিত করা উচিত।' তিনি বলেন, "পোশাক শিল্প এখন গ্যাস, বিদ্যুৎ এবং কাস্টমস সমস্যাসহ একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এলডিসি থেকে উত্তরণের পর, আমাদের যে নতুন নতুন সংকট তৈরি হবে সেগুলো মোকাবেলার জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।
বাংলাদেশের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের কথা উল্লেখ করে বিজিএমইএর প্রাক্তন সভাপতি বলেন, দুই দেশের মধ্যে আলোচনার প্রয়োজন। আলোচনার মাধ্যমে অনেক সংকট কাটিয়ে ওঠে সম্ভাবনা তৈরি করা যায়।
এক পর্যায়ে অনুষ্ঠানে সেরা উন্নয়ন পুরস্কার বিতরণ করা হয়। সেক্ষেত্রে বিচারকদের তাৎক্ষণিক বিবেচনায় ম্যাক্সকম ওয়াশিং লিমিটেড প্রথম পুরস্কার অর্জন করে। দ্বিতীয় পুরস্কার পায় আগামি ওয়াশিং লিমিটেড এবং স্টার্লিং ওয়াশিং লিমিটেড তৃতীয় স্থান অর্জন করে। এসময় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথীরা তাদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া বিজিডব্লিউটিএফএর প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মেহেদী হাসানকে স্বর্ণপদক এবং আজীবন সদস্যপদ দিয়ে তার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বিইউএফটি-র উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার উপর জোর দেন। তিনি বলেন, 'পণ্যের বৈচিত্র্য আনতে এবং রপ্তানি বৃদ্ধি করতে শিল্পে গবেষণা সংস্কৃতির উন্নতি করতে হবে। যেহেতু পোশাক শিল্পে ওয়াশিং টেকনোলজিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তাই বিইউএফটিতে স্টেকহোল্ডারদের মধ্যে একটি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে পারে, যেখান থেকে টেকনোলজিস্ট ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই উপকৃত হতে পারে।
টেক্সটাইল পণ্যে পরিবেশবান্ধব এবং টেকসই রাসায়নিক ব্যবহারের উপর জোর দিয়ে বিজিডব্লিউটিএফ-এর উপদেষ্টা এবং জেসিএল গ্রুপের চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন আহমেদ বলেন, 'ওয়াশিং টেকনোলজিস্টদের কারণে টেক্সটাইল শিল্পের বিকাশ ঘটেছে। যারা এর সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাই পরিবেশের বিষয়টা মাথায় রাখবেন যাতে পরিবেশ আমাদের কারণে নষ্ট না হয়, দূষিত না হয়। আমরা পরবর্তী প্রজন্মের জন্য সুস্থ ও সুন্দর পৃথিবী রেখে যেতে চাই।
অনুষ্ঠানে আরো অনেক শিল্পপতি এবং বিজিডব্লিউটিএফ এর উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
মূলত বিজিডব্লিউটিএফ সংস্থাটি এর সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও আর্থিক সহায়তার লক্ষ্যে প্রতিষ্ঠিত। সদস্যদের স্বাস্থ্যসেবা, আর্থিক ও শারীরিকভাবে দুর্বল সদস্যদের সহায়তা, বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা এবং কর্মক্ষেত্রে তাদের মানোন্নয়নে বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করে থাকে ফাউন্ডেশনটি। অনুষ্ঠানে এর সূচনালগ্নের বিভিন্ন স্মৃতিচারণ করেন বক্তারা।
বর্তমানে, বিজিডব্লিউটিএফ-এর ৪০০+ আজীবন সদস্য এবং ২০০+ সাধারণ সদস্য রয়েছে। এটি ২০০৯ সালে গঠিত হয়েছিল এবং ২০১৪ সালে কিছু ইতিবাচক টেক্সটাইল পোশাক এবং ওয়াশিং পেশাদারদের সাথে নিবন্ধিত হয়েছিল এবং ধীরে ধীরে এর কার্যক্রম সম্প্রসারিত হয়ে আসছে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ