প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ২:০৩ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. ইফতেখারুল আলম মাসউদের বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকায় তাঁর বাড়ির দরজার সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তবে কে বা কারা এটি করেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে লিখিত অভিযোগও কেউ করেনি। তাঁরা দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছেন।
এ ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ্ হাসান নকীব সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে লিখেছেন, এই প্রশাসন একটা টিম। এখানে কারো উপর অন্যায় আঘাত, সকলের উপর আঘাত। আমরা এই স্পিরিট ধারণ করি। প্রফেসর ইফতেখার মাসউদের বাসভবনের গেইটে ককটেল ছোড়া হয়েছে - কথাটি ঠিক নয়। সরাসরি তার বাসায় ছোড়া হয়েছে। অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে। শাস্তি পেতে হবে।
এদিকে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে পরে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় সাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, গতকাল যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। প্রশাসনের মধ্যে থেকে আমাদের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার যিনি আমাদের সাথে জুলাই আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছেন। আমরা জানি যে রুয়া নির্বাচনে মাসউদ স্যার পদপ্রার্থী এবং রুয়া, রাকসু নিয়ে যখন আমরা জোর দাবি জানিয়ে আসছি তখনই এমন একটা হামলার ঘটনা ঘটতে দেখা গেল। এ ঘটনার পেছনে যারা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বিক্ষোভ সমাবেশে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এনআর