প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ১০:৫১ AM আপডেট: ০১.০৫.২০২৫ ১১:১৩ এএম

শ্রমিক দিবস ও পরবর্তী সাপ্তাহিক ছুটি ঘিরে রাজধানীর যাত্রাবাড়ী বাস টার্মিনালে আজ সকাল থেকেই ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। টানা তিন দিনের ছুটি পেয়ে অনেকেই ছুটছেন নিজ গ্রামের বাড়িতে কিংবা দেশের বিভিন্ন পর্যটন এলাকায়।
আজ বৃহস্পতিবার (০১ মে) সকাল সাতটা থেকেই টার্মিনাল এলাকায় ভিড় বাড়তে শুরু করে। যাত্রীরা জানান, টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছে, এমনকি বাসে ওঠার জন্য অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।
টার্মিনালের বিভিন্ন পরিবহন কোম্পানির কাউন্টারে দেখা গেছে যাত্রীদের দীর্ঘ সারি। কাউন্টার কর্মীরা টিকিট বিক্রিতে ব্যস্ত, অন্যদিকে যাত্রীরাও হাক-ডাকে চেষ্টা করছেন টিকিট সংগ্রহের।
এ অবস্থায় যাত্রীদের ভোগান্তি কিছুটা কমাতে অনেক পরিবহন কোম্পানি দিয়েছে অতিরিক্ত ট্রিপ। বাস মালিকরা জানিয়েছেন, যাত্রী চাপ সামাল দিতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
দীর্ঘ ছুটির এ সুযোগে কেউ পরিবারসহ গ্রামে যাচ্ছেন, আবার অনেকে বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে যাচ্ছেন কক্সবাজার, সিলেট কিংবা বান্দরবানের মতো জনপ্রিয় পর্যটন এলাকায়।
পরিবহন কর্তৃপক্ষ বলছে, ‘যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছে এবং যাত্রাবাড়ী টার্মিনালে নিয়মিত মনিটরিংও করা হচ্ছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম