প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৪:৪৫ পিএম আপডেট: ৩০.০৪.২০২৫ ৯:৪৪ PM

রাউজান উপজেলায় এক কলেজছাত্রীকে যৌন নিপীড়ন ও মারধরের অভিযোগ উঠেছে মুনিরিয়া যুব তাবলীগ কমিটির এক সদস্যের বিরুদ্ধে। অভিযুক্তের নাম মো. হারুনুর রশিদ (এপিল), বয়স ৩২ বছর। তিনি সংগঠনটির শৃঙ্খলা কমিটির সদস্য।
ভুক্তভোগীর বাবা মো. ওসমান গনি (৫৩) গত ২৮ এপ্রিল রাউজান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যানা জায়, ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী রাউজান সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
অভিযোগে বলা হয়েছে, কলেজে যাওয়া-আসার পথে হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। সে প্রস্তাব প্রত্যাখ্যান করলে অভিযুক্ত নানা কুরুচিপূর্ণ মন্তব্য করে মেয়েটিকে হেনস্তা করতেন।
গত সোমবার (২৮ এপ্রিল) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে, গহিরা কামিল মাদ্রাসার পাশে মেয়েটি কোচিং থেকে বের হলে, অভিযুক্ত তাকে হঠাৎ ঝাঁপটে ধরে এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। ছাত্রী বাধা দিলে সে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে রাস্তায় ফেলে দেয়। মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা ছাত্রীকে আহত অবস্থায় তার পরিবার রাউজান জে.কে. মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় মো. আব্দুল (৪৭) ও শাহেদা বেগম (৬০) অভিযোগপত্রে সাক্ষ্য দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মনিরুল ইসলাম বলেন, ‘অভিযোগপত্র হাতে পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, অভিযুক্ত মো. হারুনুর রশিদ (এপিল) ২০১৯ সালে একজন আইনজীবী কে হামলার অপরাধে কারাভোগ করেছেন।
ভুক্তভোগীর পরিবার, স্থানীয় ছাত্র সমাজ ও এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা রাউজান থানা প্রশাসন, জনপ্রতিনিধি এবং ছাত্রসমাজের কাছে দ্রুত বিচার এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ভুক্তভোগী ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এমএম