
টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে অসচেতন মানুষজন ময়লা-আবর্জনা ফেলছেন। বিশেষ করে কলেজের মসজিদসংলগ্ন স্থান ও পুকুরপাড়ে ময়লার স্তূপ জমে থাকায় পরিবেশ হয়ে উঠেছে অত্যন্ত নোংরা ও দূষিত। এতে করে বিঘ্ন ঘটছে শিক্ষার্থীদের ক্লাসে প্রবেশ এবং মুসল্লিদের স্বাভাবিক ইবাদতে।
সরেজমিনে দেখা গেছে, কলেজের সীমানা প্রাচীর ঘেঁষে, মসজিদের পাশে ও পুকুরপাড়ে আবর্জনার স্তুপ জমে আছে। কেউ কেউ প্রকাশ্যেই মূত্রত্যাগ করছেন। এসব এলাকা দিয়েই প্রতিদিন শিক্ষার্থীরা কলেজে যাতায়াত করে।
মসজিদের মুসল্লি মো. শফিকুল ইসলাম বলেন, ‘মসজিদের পাশে ময়লার স্তূপ জমে থাকায় নামাজে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়েছে।’
অন্য আকের মুসল্লি বলেন, ‘পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, অথচ এভাবে ময়লা ফেলা খুবই দুঃখজনক।’
নাগরপুর সরকারি কলেজর শিক্ষার্থীরা জানায়, চারপাশের দুর্গন্ধ ও নোংরা পরিবেশ তাদের পড়ালেখায় মনোযোগ নষ্ট করছে।
নাগরপুর সরকারি কলেজর এক শিক্ষার্থী বলেন, ‘কলেজের পাশের ময়লার কারণে মশা-মাছি বেড়ে গেছে। এতে আমরা স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েছি। দ্রুত ব্যবস্থা না নিলে সমস্যা আরও বাড়বে।’
কলেজের অধ্যক্ষ মো. বেলাল হোসেন বলেন, ‘এই অবস্থা খুবই দুঃখজনক। বারবার অনুরোধ করার পরও কাজ হচ্ছে না। আমরা স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চাই।’
স্থানীয়রা অভিযোগ করেন, নির্দিষ্ট ডাস্টবিন না থাকায় অনেকেই যেখানে-সেখানে ময়লা ফেলছেন। বিষয়টি প্রশাসনকে একাধিকবার জানানো হলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
এ নিয়ে স্থানীদের মাধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে। স্থানীয়রা বলছেন, ‘বর্ষা মৌসুম সামনে, এখনই ব্যবস্থা না নিলে ডেঙ্গু ও অন্যান্য রোগের ঝুঁকি আরও বাড়বে। ফলে আমাদের ছেলে-মেয়ে, পরিবারের লোকজন ও এলাকাবাসী অসুস্থ হয়ে পরতে পারে। যা আমাদের শরীরের মারাত্মক খারাপ একটা পরিস্থিতি তৈরি করতে পারে।’
সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘এব্যাপারে আগে কেউ কিছু জানায়নি। এখন দ্রুত পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম