প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ২:৩৭ পিএম

নোয়াখালী সদরে বিস্ফোরক মামলায় বিএডিসির গুদামরক্ষক ও যুবলীগ নেতা মিরাজ হোসেন শান্তকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনেসহ একাধিক মামলা রয়েছে।
আজ বুধবার (৩০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম।
তিনি বলেন, গতকাল রাত পৌনে ৯ টার দিকে মাইজদীর সরকারি আবাসিক এলাকার সামনে স্থানীয়রা ওই যুবলীগ নেতাকে আটক করে। পরে তাকে লক্ষ্মীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃত শান্ত লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা যুবলীগের সদস্য এবং ওই এলাকার মো. শাহজাহানের ছেলে। তথ্যানুযায়ী, তিনি নোয়াখালীতে বিএডিসির গুদামে চাকরি করতেন।
স্থানীয়দের অভিযোগ, শান্ত দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরে যুবলীগের রাজনীতি ও বিভিন্ন হামলা-সহিংসতার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হামলা এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। দলীয় পরিচয় ব্যবহার করে তিনি চাকরির নিয়ম-কানুন তোয়াক্কা না করে চলতেন বলেও অভিযোগ ওঠে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের তথ্যের ভিত্তিকে তাকে আটক করে থানায় আান হয়। পরে রাতেই তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরকসহ অন্যান্য ধারায় তিনটি মামলা রয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম