প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১২:০৩ AM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ। সোমবার দুপুরে উপজেলার মনতলা সীতারামপুর ব্রিজের নিচে তিতাস নদী থেকে মাছটি ধরেন জেলে সুধীর বর্মনের নৌকার জেলেরা।
জানা যায়, নবীনগর পৌরসভার গোপীনাথপুর গ্রামের জেলে সুধীর বর্মন ও তাঁর সঙ্গীরা প্রতিদিনের মতো সোমবারও তিতাস নদীতে মাছ ধরতে যান। বাছুরি নৌকায় করে তাঁরা নদীতে জাল ফেলেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের জালে ২৫ কেজি ওজনের একটি বড় বোয়াল মাছ ধরা পড়ে। পরে মাছটি নবীনগর বাজারে কুয়েত প্রবাসী জালাল উদ্দিনের কাছে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
নৌকার মালিক সুধীর বর্মন বলেন, ‘দুপুরে তিতাস নদীতে আমাদের জালে বিশাল একটি বোয়াল মাছ ধরা পড়ে। পরে আমরা মাছটি বাজারে নিয়ে যাই।’
নৌকার আরেক জেলে বীরোন্দ্র বর্মন বলেন, ‘মাছটির ওজন ছিল প্রায় ২৫ কেজি। ৭৫০ টাকা কেজি দরে ১৮ হাজার ৭৫০ টাকা বিক্রি করেছি। তিতাস নদীতে এত বড় বোয়াল খুব একটা ধরা পড়ে না। সৌভাগ্যক্রমে আমাদের জালে ধরা পড়েছে। এত বড় মাছ ধরতে পেরে আমরা খুব খুশি।
স্বদেশ প্রতিদিন/এনআর