প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৪:২৫ পিএম

কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলার হাওরাঞ্চলে পৃথক বজ্রপাতের ঘটনায় নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের মৃত যতিন্দ দাসের ছেলে ইন্দ্রজিত দাস (৩০), খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১৪) এবং মিঠামইন উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের মৃত আশ্রাব আলীর স্ত্রী ফুলেছা বেগম (৬০)।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ইন্দ্রজিত দাস সকালে হালালপুর গ্রামের পাশের হাওরে ধান কাটার সময় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। একইভাবে খয়েরপুরের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ হারান স্বাধীন মিয়া।
এদিকে মিঠামইন থানার উপ-পরিদর্শক (এসআই) অর্পণ বিশ্বাস জানান, মিঠামইনের কেওয়ারজোর ইউনিয়নের রানীগঞ্জ গ্রামে বাড়ির পাশে খলায় ধান সংগ্রহের সময় বজ্রপাতে ফুলেছা বেগম মারা যান। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/এনআর