প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৭:০১ পিএম

নিহত ফজল হক
টাঙ্গাইলের মির্জাপুরে চাচা ভাতিজার জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চাচা ফজল হক (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী মরিয়ম বেগম (৪৫) ও তার ছেলে মনিরুজ্জামান (২৫)।
রোববার (২৭ এপ্রিল) উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজল হক বাঁশতৈল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪৭ বছর আগে ফজল হকের দাদি বংশীনগর মৌজায় ৫৫ শতাংশ জমি দলিল করে দেন। কিন্তু ওই জমিটি ভোগ দখল করছিলেন ফজল হকের ফুপাত ভাইয়ের ছেলে মৃত মজিবুর রহমানের ছেলে পারভেজ। এদিকে ৪৭ বছর পূর্বের দলিলের কথা জানতে পেরে ফজল হক জমি দখল পাওয়ার জন্য উদ্যোগ নেন।
তিনি স্থানীয় চেয়ারম্যান ও মাতাব্বরদের নিয়ে অনেক বার সালিশ বৈঠকও করেন। তাতে কোন সমাধান না পেয়ে সম্প্রতি আদালতে একটি মামলাও করেন। পরে জমির চারপাশে কাটা তারের বেড়া দিয়ে ঘেরাও দেন ফজল হক।
রোববার সকাল প্রায় সাড়ে ৮টার দিকে পারভেজ ৩০ /৩৫ জন লোকসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ফজল হকের কাটা তারের বেড়া উঠাতে গেলে ফজল হক বাধা প্রদান করলে তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে। সে সময় তার স্ত্রী ও ছেলে গেলে তাদেরও আহত করেন। পরে লোকজন এসে গুরুতর অবস্থায় ফজল হক ও তার স্ত্রী, ছেলেকে উদ্ধার করে উপজেলার জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফজল হককে মৃত ঘোষণা করেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে গিয়ে ফজল হকের লাশের সুরতহাল করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
স্বদেশ প্রতিদিন/এনআর