প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৪:৫৯ পিএম

চাঁদপুরের সদর, কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৪ জন মাদক কারবারি ও ৭ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
২৪ এপ্রিল রাত ১টার দিকে চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে হেলাল (২২) ও মাসুদ (২৬) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
একই রাতে কচুয়া উপজেলার পলাশপুর এলাকা থেকে মো. মোহসীন (৩০) ও মো. এরশাদ খান (৪০) কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২১ পিস ইয়াবা, ১৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
অপরদিকে, চাঁদপুর শহরের প্রেসক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আপন (১৯), শিপন (১৯) ও ফারহান (১৮) নামে তিন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ধারালো অস্ত্র, যার মধ্যে ছিল ৩ টি কুড়াল, ৩ টি রামদা ও একটি চাপাতি।
এছাড়া, ২৫ এপ্রিল রাতে ফরিদগঞ্জ উপজেলার কাশারা এলাকা থেকে আরও ৪ কিশোর গ্যাং সদস্য—হৃদয় (১৮), তাহমিদ হোসেন (১৯), মামুন মিয়া (১৮) ও শাহেদ মোল্লা (১৭)—কে গ্রেপ্তার করা হয়।
লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান, গ্রেপ্তারকৃতদের এবং উদ্ধারকৃত মাদক ও অস্ত্রসমূহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে।
স্বদেশ প্রতিদিন/এমএম