প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৭:০২ পিএম

ছুরিকাঘাতে নিহত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী পারভেজের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছাত্রদল সভাপতি পারভেজের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, “পারভেজের বোনের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব আমি ব্যক্তিগতভাবে গ্রহণ করছি।”
বৃহস্পতিবার দুপুরে ভালুকার কাইচান গ্রামে পারভেজের গ্রামের বাড়িতে যান তিনি। সেখানে পারভেজের কবর জিয়ারত করেন এবং শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন।
এর আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থানার সামনে থেকে ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মোটরসাইকেল বহর নিয়ে পারভেজের বাড়িতে যান ছাত্রদল সভাপতি।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “পারভেজ হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি। কিন্তু বারবার বনানী থানায় গিয়ে খুনিদের বাঁচাতে চাপ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্রনেতারা। এটা অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও বলেন, “আমরা আশাবাদী, বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের বিবেক একদিন জাগবে এবং তারা সত্যিকারের ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেবে।”
স্বদেশ প্রতিদিন/এনআর