
অন্তর্বর্তী সরকারের কাছে যেমন প্রত্যাশা করেছেন, তেমন হয়নি বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।
তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর ক্ষমতায় আসা সরকারকে নিয়ে আমাদের যেধরণের প্রত্যাশা ছিল তেমন হয়নি। অভ্যুত্থানের পর একটি পূর্ণ ক্ষমতাসম্পন্ন সরকার দরকার ছিল, সেটি পাইনি আমরা। যার ফলে আমরা অনেক কিছু নীতি নির্ধারণ এবং জনগণকে সুফল পৌঁছে দিতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি।
শুক্রবার (২৫ এপ্রিল) প্রেস ক্লাবের সামনে ভাববৈঠকি, জুলাই কমিউনিটি এলায়েন্স মিরপুর ও গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চের যৌথ আয়োজনে শহরের গরিব শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে রাস্তার মোড়ে মোড়ে বিশুদ্ধ পানির দাবিতে মানববন্ধন এবং গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফরহাদ মজহার।
তিনি বলেন, আমাদের অর্থনৈতিক বিকাশের ভিত্তি হলো পানি। ফলে বাংলাদেশে আগামী উন্নয়নের মূলেও থাকবে পানি। এই নীতির ভিত্তিতে প্রধান উপদেষ্টাকে অবিলম্বে একটি পানি কমিশন গঠন করতে হবে এবং জনগণকে সুপেয় পানির নিশ্চয়তা বিধান করতে হবে।
তিনি আরো বলেন, আমরা ড. ইউনূসকে বলতে চাই, তার যে সীমাবদ্ধতা এবং বাংলাদেশের রাজনীতির যে সীমাবদ্ধতা এটা আমরা বুঝতে পারি। আমরা তার সাথে ১০০ ভাগ রয়েছি। কিন্তু কিছু কিছু কাজ তাকে অবিলম্বে শুরু করতে হবে। এইখানে কোনো রকম তালবাহানের সুযোগ নেই।
সরকারকে সর্বোচ্চভাবে সহায়তা করার প্রত্যাশায় ফরহাদ মজহার বলেন, ঢাকা শহরে মানুষ যেন অবিলম্বে বিনা পয়সায় সুপেয় পানি পায় তার ব্যবস্থা করতে হবে। অত্যন্ত কম মূল্য পানি সরবরাহ করুন যাতে যাদের একেবারেই যাদের সামর্থ্য নাই বা যারা শ্রমজীবী মানুষ তারা পানি সরবরাহ করতে পারে।
তিনি বলেন, এই সম্পদ সুরক্ষার মধ্য দিয়ে আমরা তিন থেকে পাঁচ বছরের মধ্যে যেকোনো ধনী দেশের কাতারে পৌঁছাতে পারি। এটা আমাদের অর্থনৈতিক সম্পদ।
সুপ্রিয় পানি যারা নষ্ট করছে, বিষ দিয়ে, টক্সিক রাসায়নিক দ্রব্য নদীতে, সাগরে ফেলে দিয়ে, এদেরকে ক্রিমিনাল (অপরাধী) হিসেবে গণ্য করতে হবে বলে জানান তিনি। তিনি বলেন, তার জন্য অবিলম্বে আমাদের ফৌজদারি আইন দরকার। যে সকল বিষ আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ, পানি নষ্টের জন্য দায়ী সেই সব বিষ বন্ধের জন্য নির্বাহী আদেশের দাবি করছি।
মানববন্ধন ও গণসমাবেশে আরো বক্তব্য রাখেন, রিকশাচালক স্বপন মিয়া, উবিনীগের গবেষক সীমা দাস সীমু, লেখক ও প্রকৌশলী সাদিক মোহাম্মদ আলম, বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/আইজেপি