প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:৪৩ পিএম

গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আনারপুরা গ্রামে মাদক ও জুয়া বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২ অক্টোবর) শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় আনারপুরা খেলার মাঠে অনুষ্ঠিত মাদক ও জুয়া বিরোধী সমাবেশে গ্রামবাসী সর্বসম্মতিক্রমে আনারপুরা গ্রামকে মাদকমুক্ত ঘোষণা করেন। গ্রামসংলগ্ন খেলার মাঠে ফ্লাডলাইটের আলোতে অনুষ্ঠিত এই মাদক ও জুয়া বিরোধী সমাবেশে ইসলামিক চিন্তাবিদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেছেন, গ্রামের কোনো মহল্লার কোনো পরিবারের সদস্যরা মাদক ব্যবসা ও সেবনে জড়িত থাকলে তাদের এসব অপরাধমূলক কাজ ছেড়ে আসার আহ্বান জানানো হয়।
কেউ যদি মাদক বিক্রি ও সেবনের মতো আইনবিরোধী অপরাধ ও অপকর্ম থেকে স্বেচ্ছায় সরে না আসে, তাকে সামাজিকভাবে প্রতিরোধ করাসহ আইন প্রয়োগকারী সংস্থার হাতে সোপর্দ করা হবে।
কোনো পরিবারের মাদকাসক্ত সদস্য যদি স্বেচ্ছায় মাদকের কালো ছোবল থেকে বের হয়ে আসতে চায়, তাকে চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের জন্য সামাজিক উদ্যোগে টাকা ও কর্মসংস্থানে সহায়তা করা হবে।
মাদকসেবনকারী ও মাদকাসক্তদের পাশাপাশি মাদক বিক্রির স্পটে গ্রাম্য পঞ্চায়েত কমিটির মাধ্যমে পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হবে। কেউ যদি প্রকৃত মাদক ব্যবসায়ী ও মাদকসেবনকারীকে ধরিয়ে দিতে পারে, তাকে আর্থিকভাবে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয় মাদকবিরোধী সমাবেশ থেকে।
জুয়া খেলা বন্ধেও কার্যকর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় চিহ্নিত মাদক কারবারীদের গ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক, আনারপুরা জামেয়া ফারুকিয়ার নির্বাহী পরিচালক মাওলানা হাসান ফারুক, বিএনপি নেতা মো. মহিউদ্দিন, ওয়ার্ড সদস্য শাহজাজদা সিকদার, ছাত্রনেতা কাউসার আহমেদ ও সমাজসেবক সাইফুল সিকদার প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/এফএইচ