
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চারজন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন আদালত।
আজ বুধবার (২৩ এপ্রিল) সকালে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এ অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আইনজীবী মনিরুলল ইসলাম মুকুলসহ অন্যান্য আইনজীবীরা।
মামলার চার্জশিটভুক্ত আসামিরা হলেন নিহত শিশুর বোনের শ্বশুর হিটু শেখ (৪৭), দুলাভাই সজীব শেখ (১৯), সজীবের ছোট ভাই রাতুল শেখ (১৭) এবং সজীবের মা জাহেদা বেগম (৪০)। শুনানির সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।
মামলাটিকে জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে প্রসিকিউশনকে আইনি সহায়তা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার (অ্যাটর্নি জেনারেল সমমর্যাদার সুবিধাপ্রাপ্ত) আইনজীবী এহসানুল হক সমাজীকে নিয়োগ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগকৃত আইনজীবী এহসানুল হক সমাজী সাংবাদিকদের বলেন, ‘মামলায় অভিযোগপত্র, মূল আসামির ১৬৪ ধারায় জবানবন্দিসহ অন্যান্য নথির ওপর ভিত্তি করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।’
তিনি আরও বলেন, ‘মামলায় শিশুটির বোনের শ্বশুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/২ ধারায় শিশুটির বোনের স্বামী ও দেবরকে দণ্ডবিধির ৫০৬ ধারায় ভয়ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ির বিরুদ্ধে দণ্ডবিধির ২০১ ধারায় আলামত নষ্টের অভিযোগ গঠন করা হয়েছে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘মামলায় বিচার নিশ্চিতের স্বার্থে বিচারক আসামিদের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করতে হলে জেল সুপার বরাবর দরখাস্ত করে নিয়ম অনুসরণ করে আইনজীবী নিয়োগ করতে পারবেন।’
আদালত জানান, আসামিরা যদি কোনো আইনজীবী নিয়োগ করতে চান, তাহলে জেল সুপারের মাধ্যমে আবেদন করে নিয়ম মেনে তা করতে হবে।
শুনানির সময় বিচারক আসামিদের জিজ্ঞাসা করেন, তারা এই ঘটনায় নিজেদের দায় স্বীকার করেন কিনা। উত্তরে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।
এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৭ এপ্রিল।
স্বদেশ প্রতিদিন/এমএম