প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮:৫৯ পিএম আপডেট: ২২.০৪.২০২৫ ৯:২৭ PM

টাঙ্গাইলের সখীপুরে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সাব্বির (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার (২১ এপ্রিল) রাতে ১০টার দিকে টাঙ্গাইলের সখীপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা ফয়জুল মিয়ার মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্রে থেকে জানা যায়, রাত ১০ টার দিকে ঘরের দরজা খোলা থাকায় অভিযুক্ত সাব্বির ঘুমন্ত অবস্থায় ওই শিশু তুলে নিয়ে দূরে একটি কলা বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে অভিযুক্ত সাব্বির তার মুখে জামা গুজে মুখ বন্ধ করে দেয়।
এদিকে শিশুটির বাবা বাড়ি ফিরলে তাকে না পেয়ে বাড়ির মালিকসহ তাকে খুঁজতে থাকে। অনেক খোঁজার পরেও তাকে না পেলে বিষয়টি পুলিশকে জানান।
অভিযুক্ত সাব্বির বিষয়টি টের পেয়ে শিশুটিকে তাদের ঘরের পিছনে ফেলে রেখে চলে যায়। পরে পুলিশ তাকে অভিযান চালিয়ে আটক করে।
মেয়ের এমন লোমহর্ষক ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন শিশুটির বাবা। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রী। জানা যায়, সখীপুর উত্তরা মোড় এলাকায় দীর্ঘদিন যাবৎ ভাড়া বাসায় থাকছেন শিশুটির পরিবার।
শিশুটির বাবা বলেন, ‘ছোট ছেলে-মেয়েকে চোখে চোখে রাখি। সাব্বির আমার এমন ক্ষতি করবে ভাবতেও পারি নাই। আমি এ ঘটনায় অপরাধির সর্বোচ্চ বিচারের দাবি করছি।’
জানা যায়, অভিযুক্ত সাব্বির মিয়া ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া টানপাড়া এলাকার আ.মান্নানের ছেলে। সে পেশায় একজন ইট ভাঙা মিস্ত্রি।
এ ঘটনায় শিশুটির মানসিক বিপর্যস্ততা দেখা দিয়েছে। উদ্ধারের পর থেকে শিশুটি তার মাকে ছাড়া কাউকে দেখলেই ভয় পাচ্ছে।
তার বাড়ির মালিক শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার পর থেকে আমরা শিশুটির খোঁজ পেতে বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালাই এবং প্রশাসনকে খবর দেই। বিষয়টি জানাজানি হলে, পুলিশ সাব্বিরকে আটক করে।’
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো জাকির হোসেন বলেন, ‘অভিযুক্ত সাব্বিরকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম