প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮:৫১ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা পাটোয়ারী। আসামি জুয়েল রানা পাটোয়ারী দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের বাসিন্দা।
সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাতে গোপন এক সংবাদের ভিত্তিতে দাউদকান্দি উপজেলার চক্রতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যাচেষ্টার মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে আটক করা হয়। পরে, মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় শহীদনগর এলাকায় ইসরাফিল নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় ইসরাফিলের মা বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় হত্যাচেষ্টার মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, জুয়েল রানা দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/আইজেপি