প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯:২১ পিএম

রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় মো. সাইফুল ইসলাম সোহাগ (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজবাড়ী জেলা আ.লীগের উপ-দপ্তর সম্পাদক ও পৌর শহরের মৃত মো. আ. সালাম মোল্লার ছেলে।
সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টায় রাজবাড়ী পৌর শহরের অঙ্কুর স্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
মামলা সূত্রে জানা গিয়েছে, গত ১৮ জুলাই বিকেল পৌনে ৪টায় রাজবাড়ী সদর থানার রাজবাড়ী-ঢাকা মহাসড়কের বড়পুল গোল চত্বরে পূর্ব পরিকল্পনা মাফিক বেআইনি জনতাবদ্ধে অতর্কিতভাবে চতুর্দিক থেকে আন্দোলনকারীদের ঘিরে ধরেন তিনি। যেখানে ছিল বোমা, আগ্নেয়আস্ত্র, রামদা, চাপাতি ও বিভিন্ন গাছের ডালসহ মারাত্মক অস্ত্র। এছাড়াও আন্দোলনকারীদের হত্যার উদ্দ্যেশে নিক্ষেপ করা হয় বোমা।
এ সময় ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকসহ আন্দোলনে অংশগ্রহণকারীদেরকে হত্যার উদ্দ্যেশে আসামিরা তাদের সাথে আনা বোমার বিস্ফোরণ ঘটান। একই সাথে আমজনতাকে লক্ষ্যে করে আগ্নেয়অস্ত্র উচিয়ে গুলি করে ত্রাস সৃষ্টি করেন। আন্দোলনকারীদের বেধরক মারধর করে গুরুতরভাবে জখম করা হয়। এমনকি আহতদেরকে রাজবাড়ী সদর হাসপাতালসহ কোথাও কোনো চিকিৎসা নিতে দেওয়া হয়নি।
উল্লেখ্য, এই আক্রমণে সোনিয়া আক্তার স্মৃতি, নুরুননবী, আশিক ইসলাম অভি, রাজিব মোল্লা, মেহেরাব, আলতাফ মাহমুদ সাগর, রিয়াজসহ আহত হন অসংখ্য আন্দোলনকারী।
পরে এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলার রাজিব মোল্লা বাদী হয়ে ১৭০ জনের নাম উল্লেখ করাসহ আরো ৩০০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় গত ৩০ আগস্ট মামলা দায়ের করে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমান বলেন, থানার এসআই মো. মিকাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। রাজবাড়ী সদর থানার অঙ্কুর স্কুলের সামনে থেকে আসামি মো. সাইফুল ইসলাম সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার (২২ এপ্রিল) রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি