প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৬:১০ পিএম আপডেট: ২১.০৪.২০২৫ ৬:১৪ PM

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘আমলযোগ্য কোনো অপরাধ ঘটলে অবশ্যই মামলা নিতে হবে, কোনো ঘটনা আড়াল করা যাবে না।’
সোমবার (২১ এপ্রিল) সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত মার্চ মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘প্রতিটি মামলার সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। অপরাধ যাতে না ঘটে, সেজন্য আরও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।’
তিনি জানান, পুলিশের আন্তরিক প্রচেষ্টার ফলে ছিনতাইয়ের মতো অপরাধ অনেকটাই কমে এসেছে। তবে পুনরায় এ ধরনের অপরাধ যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘সর্বোচ্চ বিনয় বজায় রেখে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। কোনো অবস্থাতেই অপেশাদার বা দৃষ্টিকটু আচরণ করা যাবে না।’
তিনি আরও বলেন, ‘ডিবি (গোয়েন্দা পুলিশ) সদস্যদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরও বেশি অপরাধী শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কাজ বাড়াতে হবে। পাশাপাশি থানার ওসিদের নিজ নিজ এলাকার মামলা তদন্তে সক্রিয় থাকতে হবে।’
কমিশনার আরও নির্দেশনা দেন, থানার টহল টিম যেন প্রতিটি ভবনের সিকিউরিটি গার্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করে। যদি কোনো অপরাধের তথ্য থাকে, তাহলে তারা যেন পুলিশকে তা জানায়-সেই পরিবেশ তৈরি করতে হবে।
সভায় মার্চ মাসে আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।
পবিত্র রমজান, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য ডিএমপির সব সদস্যকে ধন্যবাদ জানান কমিশনার।
স্বদেশ প্রতিদিন/এমএম