প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৬:১০ পিএম আপডেট: ২১.০৪.২০২৫ ৬:১২ PM

প্রতীকী ছবি
শনিবার দিবাগত রাতে হাতিরঝিল মোড়ল গলিতে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছিলেন যুবদলের সদস্য আরিফ শিকদার (৩৫)। তবে তাকে আর বাঁচানো গেল না। সোমবার সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।
জানা গেছে, যুবদলের ৩৬ নম্বর ওযার্ডের একটি ইউনিটের সক্রিয় সদস্য ছিলেন আরিফ। তার গ্রামের বাড়ি মাদারিপুরের শিবচর উপজেলায়। স্ত্রীকে নিয়ে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেখানে গ্রিলের ওয়ার্কশপ রয়েছে তার।
সিসিটিভি ফুটেজে দেখা যায় ঘটনার দিন তিনজন ব্যক্তি আরিফকে মোড়ল গলির ভিতরে নিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে গুলি করে দৌড়ে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে নিহত আরিফের বাবা গিয়াস উদ্দিন সিকদার বলেন, আমার ছেলের মৃত্যু নিশ্চিত করার জন্য মুখে গুলি করা হয়েছিল। জানি না কেন আমার ছেলেরে তারা মারল। আমার একটাই ছেলে। আমার তো আর কেউ রইল না। আমি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার চাই।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল ইসলাম জানান, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। নিহতের বোন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
স্বদেশ প্রতিদিন/এনআর