এ মুহূর্তে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দেওয়া সম্ভব নয়: প্রাথমিক উপদেষ্টা
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৮:০৭ পিএম

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।
শনিবার মাগুরা জেলা অডিটোরিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন’ বিষয়ক এক মতবিনিময় সভায় স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, 'সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে শিক্ষকদের আলাদা বেতন কাঠামো প্রয়োজন। এ মুহূর্তে সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রদান সম্ভব নয়।'
তিনি আরও বলেন, 'বর্তমান বেতন কাঠামোয় সহকারী শিক্ষকদের যখন নিয়োগ হবে, তখন তারা ১২তম গ্রেডে নিয়োগ পাবেন। চার বছর শেষে সিনিয়র শিক্ষক হিসেবে ১১তম গ্রেডে পদোন্নতি পাবেন। প্রধান শিক্ষকরা পাবেন দশম গ্রেড। মন্ত্রণালয় কনসালট্যান্ট কমিটির সুপারিশ সমর্থন করে এবং তা বাস্তবায়নের চেষ্টা করছে।'
শিক্ষকদের বদলির বিষয়ে উপদেষ্টা বলেন, 'বদলির ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট নীতিমালার আলোকে স্বচ্ছ বদলির চেষ্টা করছি। শহরে ছাত্রের তুলনায় শিক্ষক বেশি, গ্রামে ছাত্রের তুলনায় শিক্ষক কম। প্রাথমিক স্কুলের শিক্ষকেরা উপজেলার ভিত্তিতে নিয়োগ পান। ফলে তাদের উপজেলায় থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
স্বদেশ প্রতিদিন/এএএম