প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৬:০১ পিএম আপডেট: ১৮.০৪.২০২৫ ৭:৩৪ PM

গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। টঙ্গীর একটি ফ্ল্যাট থেকে ওই দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে স্থানীয় পূর্ব আরিচপুর রূপবানের মার টেক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত শিশু আব্দুল্লাহ (৩) ও মালিহা (৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের সন্তান। তারা সপরিবারে পূর্ব আরিচপুর এলাকা জনৈক সানোয়ারের ৮তলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার বিকেলে নিহত শিশুদের মায়ের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত দুই শিশুর রক্তাক্ত নিথর দেহ দেখতে পান স্বজনরা। পরে তারা থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তবে কি কারণে শিশু দুটিকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। আইনি ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন আছে।’
স্বদেশ প্রতিদিন/এনআর