প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ২:৪২ পিএম

গাইবান্ধা সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে সাতটায় উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মাঠেরপাড় বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় মাঠেরপাড় বাজারে প্রথমেই মালেক স্টোরে আগুন দেখতে পান তারা। মুহূর্তেই মার্কেটের ৫টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। সেইসঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়েই ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ৫টি দোকানের ফ্রিজ, টিভি, মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- মালেকের মুদি দোকান, সাইদুলের মালামাল রাখার গোডাউন, মজনু স্টোর, জাহিদ ফার্মেসি, শহীদ স্টোর এবং মনজুর চা দোকানের আংশিক।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের টিম লিডার আবু মোত্তালেব বলেন, সকাল ৭টা ৫০ মিনিটে খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে এসে দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এ ব্যাপারে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আল হাসান বলেন, বল্লমঝাড় মাঠেরপাড় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাটি খুবই দুঃখজনক। উপজেলা পরিষদের পক্ষে থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর